বেতাগীতে যথাযথ নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেতাগী( বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বেতাগীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে ছাড়ানো ও সংরক্ষণের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিক উপায়ে পশুর চামড়া সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় বক্তব্য রাখেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মোঃ জলিলুর রহমান খান নান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইকবাল মিয়া। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এসএম নুরুল ইসলাম পান্না।
এছাড়াও প্রশিক্ষণ নিতে আসা ইমাম ও ওলামাবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান, আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নেছারী ও মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে পশু জবাই এবং দক্ষভাবে চামড়া ছাড়াতে না পারলে বিপুল পরিমাণের চামড়া নষ্ট হয়ে যায়, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি। তাই ইমাম, মৌলভী এবং কসাইদের এ বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে উপস্থিত অংশগ্রহণকারীদের চামড়া ছাড়ানোর পর দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞানসম্মত উপায়ে লবণ দিয়ে তা সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































